ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে স্পষ্টভাবে জানান, তাদের পক্ষ থেকে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, “আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।”
এর আগে মার্কিন পত্রিকা The Wall Street Journal-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের পর ইরানের নতুন নেতৃত্ব নাকি ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রক্রিয়ায় আলী লারিজানি ভূমিকা রাখছেন।
তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন লারিজানি। তিনি জোর দিয়ে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর দাবি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক অবস্থান ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো স্পষ্টতা আসেনি।