মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কয়েকটি আরব দেশ শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছিল, তারাই এখন ওয়াশিংটনের হামলায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার পক্ষে চাপ দিচ্ছে। তার দাবি, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোয় এসব দেশ তাদের আগের অবস্থান পরিবর্তন করেছে।
সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, একাধিক আরব দেশ তেহরানের আক্রমণের মুখে পড়েছে। এ কারণেই তারা নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, শুরুতে তারা সীমিত প্রতিক্রিয়ার পক্ষে ছিল, কিন্তু এখন তারা আরও কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।
সপ্তাহের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা জবাব দেয়। ইরান তেল আবিবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে।
পরবর্তী দিনগুলোতে বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ছয়টি আরব দেশ একটি যৌথ বিবৃতি দেয়। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে বেপরোয়া ও অযৌক্তিক বলে উল্লেখ করা হয়। সাত দেশের ওই বিবৃতিতে বলা হয়, এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং একাধিক দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। পাশাপাশি বেসামরিক নাগরিক ও সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনাকে দায়িত্বহীন ও অস্থিতিশীল আচরণ হিসেবে বর্ণনা করা হয়।