জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজে ল্যাব সহকারী মো. টিপু সুলতানের বিরুদ্ধে উপবৃত্তির অর্থ আত্মসাৎ এবং শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি সরকারি নিয়ম অমান্য করে শিক্ষার্থীদের অভিভাবকের পরিবর্তে নিজের ব্যাংক হিসাব ব্যবহার করে উপবৃত্তির টাকা গ্রহণ করেছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে টিপু সুলতান অনেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বেশিরভাগ শিক্ষার্থী কোনো উপবৃত্তির অর্থ পায়নি।
তদন্তে উঠে এসেছে, সরকারি বিধি অনুযায়ী উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর অভিভাবকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানোর কথা। কিন্তু অভিযুক্ত ল্যাব সহকারী বিভিন্ন শিক্ষার্থীর তথ্যের জায়গায় নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বর যুক্ত করে দেন। এর ফলে সরকারের বরাদ্দকৃত অর্থ শিক্ষার্থীদের কাছে না পৌঁছে তার নিজের কাছে চলে যায়।
একজন ভুক্তভোগী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষক তাকে আশ্বাস দিয়েছিলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে উপবৃত্তি নিশ্চিত পাওয়া যাবে। কিন্তু পরে জানা যায়, তাদের তথ্য পরিবর্তন করে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে সব অর্থ তুলে নেওয়া হয়েছে।
এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিপু সুলতান শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে শিক্ষার্থীদের তথ্যের পরিবর্তে নিজের ব্যাংক হিসাব ব্যবহারের কারণ সম্পর্কে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।