জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায়ে তিনজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর একজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। অপরদিকে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতেই আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাসের রায় দেন।