মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ দিনে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি, মঙ্গলবার ৩৯টি এবং বুধবার নির্ধারিত ফ্লাইটের মধ্যে আরও ২৫টি বাতিল হয়।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্সের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারলাইন্সের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরাইল এবং অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
পরিস্থিতির প্রেক্ষিতে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগে। ফলে ফ্লাইট বাতিলের কারণে বহু যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।