সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা সামগ্রিকভাবে স্বস্তিদায়ক হচ্ছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের কোনো বিঘ্নের খবর পাওয়া যায়নি। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে। এমনকি কিছু পরিবহন ২০-৩০ টাকা কম ভাড়াও নিচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সেখানে পুলিশ বুথ রয়েছে, ফলে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। এছাড়া বাসগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেল সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে, যা প্রমাণ করে জ্বালানির কোনো ঘাটতি নেই। তেল না পেলে অভিযোগ করার সুযোগও রয়েছে। তিনি আরও জানান, গণপরিবহনে জ্বালানির কোনো সংকট নেই।