ঝিনাইদহে বাসে আগুন দেওয়া ও একটি তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতজন নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ মার্চ) গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত নাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। আটক আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সম্প্রতি একটি তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর বাসে আগুন দেওয়া এবং পাম্পে ভাঙচুরের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে এখনো জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।