কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির এলাকা থেকে উদ্ধার করা একটি সন্দেহজনক বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
রবিবার (রাত প্রায় ১১টা) নগরীর লালমাই পাহাড় এলাকায় পুলিশের ফায়ারিং স্কোয়াড মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে শনিবার রাতে নগরীর বাগানবাড়ি এলাকায় একটি মন্দির ও মসজিদের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তীসহ তিনজন আহত হন।
ঘটনার সময় দুর্বৃত্তরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাগটি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিয়ে সংরক্ষণ করেন।
রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি লালমাই পাহাড় এলাকায় নিয়ে গিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে।
এদিকে ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির ও বাগানবাড়ি জামে মসজিদের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজন আহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।
তিনি জানান, উদ্ধার হওয়া ব্যাগের ভেতরে একটি ককটেল বোমা ছিল, যা ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট লালমাই পাহাড় এলাকায় নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।