ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। অতিরিক্ত গাড়ির কারণে যমুনা সেতুর পূর্ব পাশ থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। সকালে কিছু জায়গায় থেমে থেমে যানজট দেখা দিলেও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তবে গতি এখনো কম।
ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে নজরদারি ও টহল জোরদার করেছে।
বৃহস্পতিবার ভোর থেকেই গাড়ির চাপ বাড়তে শুরু করে, যার প্রভাবে মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতি তৈরি হয়। কোথাও কোথাও সাময়িক যানজটও সৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকদের ভাষ্য, তারা ঈদের ছুটি কাটাতে বুধবার রাতেই ঢাকা ছেড়েছেন। কিন্তু অতিরিক্ত যানবাহনের কারণে টাঙ্গাইল পৌঁছাতেই লেগে গেছে ৭ থেকে ৮ ঘণ্টা। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।
বর্তমানে দীর্ঘ যানজট না থাকলেও আশেকপুর, করটিয়া ও পাকুল্লা এলাকায় ধীরগতিতে যান চলাচল করছে। পুরো মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।