দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করে জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি চালু করার পরিকল্পনা নিয়েছে। এই কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এতে অন্তর্ভুক্ত থাকবে।
সোমবার সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে নিয়মিত হামের টিকাদান কার্যক্রম চলমান থাকলেও বর্তমান সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত উদ্যোগ হিসেবে এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
বর্তমানে শিশুদের ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে নতুন এই কর্মসূচিতে বয়সসীমা বাড়িয়ে ৬ মাস থেকে ১০ বছর করা হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে বেশি বয়সী শিশুদের মধ্যেও সংক্রমণ দেখা যাচ্ছে।
ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধন কার্যক্রম চালু করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। এ কর্মসূচিতে আন্তর্জাতিক সংস্থা গ্যাভি অর্থায়ন, টিকা ও অন্যান্য সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য সরঞ্জামও পৌঁছাবে।
এছাড়া কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিটি এলাকায় কতজন শিশুকে টিকা দেওয়া হবে, সে অনুযায়ী বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।