আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। বুধবার (৪ মার্চ) বিক্রি হচ্ছে ১৪ মার্চ (শনিবার) যাত্রার টিকিট।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, পছন্দের গন্তব্যের টিকিট পেতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মাত্র ৩০ মিনিটে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ২০ লাখবার প্রবেশের চেষ্টা (হিট) হয়েছে।
তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলোতে মোট আসনসংখ্যা ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে রয়েছে ১২ হাজার ৭৩২টি আসন এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন। সারা দেশে ওই দিন মোট আসনসংখ্যা এক লাখ ৫৮ হাজার ১০০টি।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১১ হাজার ২৮৫টি আসনের টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে সারা দেশে মোট বিক্রি হয়েছে ১৪ হাজার ৬২টি টিকিট। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টা থেকে।
রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চেরটি ৬ মার্চ, ১৭ মার্চেরটি ৭ মার্চ, ১৮ মার্চেরটি ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ৯ মার্চ।