আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলার অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের আরও দাবি করেন, খুলনায় পুলিশের ওপর হামলার ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে সহিংসতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।