দীর্ঘ আট বছরের জনপ্রিয় যাত্রার ইতি টানল দেশের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত সিরিজটির পঞ্চম সিজনের শেষ ছয়টি পর্ব প্রচারের মধ্য দিয়ে আপাতত শেষ হলো কাবিলা-পাশাদের গল্প। তবে সিরিজের সমাপ্তিতে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিজন ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রচারিত হয় ধারাবাহিকটির শেষ ছয়টি পর্ব। ১৪০ পর্বের দীর্ঘ এই সিজনের সমাপ্তির পর থেকেই দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আলোচনা বাড়তে থাকে। কেউ প্রিয় চরিত্রগুলোর বিদায়ে আবেগ প্রকাশ করছেন, আবার কেউ মনে করছেন, গল্পের আরও অনেক কিছু বাকি ছিল।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল এর বিচিত্র সব চরিত্র এবং তাদের দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক ঘটনা। কাবিলা, পাশা, হাবু ও নেহালের মতো চরিত্রগুলো দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তাদের কথাবার্তা, বন্ধুত্ব, হাসি-ঠাট্টা ও নানা মজার ঘটনা সিরিজটিকে আলাদা পরিচিতি দিয়েছে।
২০১৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করা এই ধারাবাহিকটি শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। প্রচলিত নাটকের বাইরে ভিন্নধর্মী উপস্থাপনা, পরিচিত জীবনের গল্প এবং চরিত্রগুলোর স্বাভাবিক অভিনয় দর্শকদের নিয়মিত আকৃষ্ট করেছে।
একাধিক সিজন পেরিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ বাংলা বিনোদন জগতের অন্যতম আলোচিত ধারাবাহিকে পরিণত হয়। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সিরিজটির দর্শকসংখ্যা ও জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য।
পঞ্চম সিজনের শেষ হওয়ার মধ্য দিয়ে আপাতত এই ধারাবাহিকের বর্তমান অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে দর্শকদের আগ্রহ ও নতুন সিজনের দাবি থেকে স্পষ্ট, পর্দায় আবারও কাবিলা, পাশা, হাবু ও নেহালদের দেখতে চান ভক্তরা। এখন দেখার বিষয়, দর্শকদের এই প্রত্যাশার পরিপ্রেক্ষিতে নির্মাতা কাজল আরেফিন অমি ভবিষ্যতে নতুন কোনো সিজন নিয়ে হাজির হন কি না। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।